সিলেট জুড়ে আকস্মিক বন্যা, পানিবন্দী লক্ষাধিক মানুষ, ত্রাণের জন্য হাহাকার
দুর্যোগ পরিস্থিতি
টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং ভারতের পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় দুই লক্ষাধিক মানুষ।
বন্যা কবলিত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেখানে পর্যাপ্ত শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত মানুষ সরকারি ও বেসরকারি সাহায্য এবং ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষা করছেন। স্থানীয় স্বেচ্ছাসেবকরা নৌকা নিয়ে দুর্গম এলাকার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন।



